ওযূর যেমনি ফরয রয়েছে, তেমনি তাতে রয়েছে কিছু সুন্নাত। কিন্তু অতিরিক্ত কাজ করাও কিন্তু মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওযূর মধ্যে বেশ কিছু অপছন্দনীয় কাজ রয়েছে নিম্নে সেগুলো বর্ণনা করা হলো:
১. অপবিত্রতা ছিটে ওযূকারীর দিকে আসতে পারে এমন অপবিত্র স্থানে ওযূ করা।
২. ওযূতে তিনবারের অধিক অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তিন তিনবার ধৌত করেছেন। তিনি বলেছেন, "অতঃপর যে ব্যক্তি এর অধিক করে সে অবশ্যই যুলুম ও অন্যায় করে।”
৩. পানি ব্যবহারে অপচয় করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযূ করেছেন। আর মুদ হলো মাঝারি ধরনের পূর্ণ মানুষের এক মুঠো। তাছাড়া যেকোনো কিছুতে অপচয় করা নিষেধ।
৪. ওযূতে এক বা একাধিক সুন্নাত ছেড়ে দেয়া; কেননা সুন্নাত ছেড়ে দিলে সাওয়াব কমে যায়। তাই সুন্নতের ব্যাপারে যত্নবান হওয়া উচিৎ, ছেড়ে দেয়া অনুচিত।